১৪ আগস্ট ২০১৪ - ০২:১৮
ইসরাইলকে গাজা অবরোধ তুলে নিতে হবে: সর্বোচ্চ নেতা

গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে বলে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

আবনা : গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে বলে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একদল কূটনীতিক আজ (বুধবার) সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সর্বোচ্চ নেতা বলেন, “ফিলিস্তিনিরা যেমনটি বলছেন, ইহুদিবাদীদের সব অপরাধের ক্ষতিপূরণ দিতে হবে। গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং কোনো নীতিবান মানুষ ফিলিস্তিনিদের এ ন্যায়সঙ্গত দাবি অস্বীকার করতে পারে না।”
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন,  ফিলিস্তিনিরা যদি এখন যুদ্ধবিরতি মেনেও নেয় তাহলে ইসরাইলকে কোনো শাস্তি ছাড়াই গ্রিনসিগন্যাল দেয়া হবে এবং তারা আবার অপরাধযজ্ঞ চালাবে। পাশাপাশি গাজার ওপর সর্বাত্মক অবরোধ ও প্রচণ্ড চাপ অব্যাহত রাখবে।
বক্তৃতার এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তেহরান সারা বিশ্বের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা ছাড়া।# (আরো আসছে)